আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি

কোতোয়ালী থানা জামায়াতের রুকন সম্মেলনে নজরুল ইসলাম

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার রুকন সম্মেলন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। থানা আমির আমির হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি–বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। ওই ঘটনার পর মামলা দায়ের ও চার্জশিট দাখিল হলেও পরবর্তী সময়ে মামলাটি প্রত্যাহার করা হয়। এটি বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করেছে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করা প্রয়োজন। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত ও বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশিদ আমু, সহকারী সেক্রেটারি আ ন ম জোবায়ের।

পূর্ববর্তী নিবন্ধভূমিধসের ঝুঁকি মোকাবিলায় কার্যক্রম পরবর্তী পর্যালোচনা কর্মশালা
পরবর্তী নিবন্ধআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১১৬তম সাধারণ সভা