টিএন্ডটির তার চুরি করে পালানোর সময় এক ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও সিএনবি এলাকায় বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) টিএন্ডটি লাইনের তার চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ১২৫ কেজি চুরি যাওয়া তার উদ্ধার করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি টেক্সি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে গোপন খবরের ভিত্তিতে চান্দগাঁও থানাপুলিশের একটি বিশেষ দল পুরাতন চান্দগাঁও সিএন্ডবি এলাকায় অভিযান চালায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজের নেতৃত্বে দলটি অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সিএনজি টেঙি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের ধাওয়ার মধ্যে টেঙিটির সামনের কাঁচ ভেঙে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে। তবে গাড়িতে থাকা আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সিএমপির বিভিন্ন এলাকায় বিটিসিএলের মূল লাইনের তার কেটে নিয়ে যাচ্ছে। এতে সরকারি সম্পদের অনেক ক্ষতি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, বাইক আরোহী নিহত