‘জামিনের বিরোধিতা না করায় আইনজীবীকে সরালো দুদক’ শিরোনামে গত ৩১ আগস্ট দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দুদক পিপি মো. আবদুল গাফ্ফার। তিনি সংবাদটিকে ‘একপেশে, মিথ্যা তথ্য নির্ভর ও বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘প্রকৃত বিষয় এবং সঠিক তথ্য হচ্ছে– উল্লেখিত মামলা আমার কাছ থেকে নিয়ে কিংবা আমার মামলার এনডোর্সমেন্ট বাতিল করা হয়নি। উল্লেখিত মামলা কখনো আমার নামে এনডোর্স করা ছিল না।’ তিনি আরো বলেন, গত ১২ জুলাই মামলাটি বিচার নিষ্পত্তির জন্য চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে বদলি হয়ে আসে। তখন আসামি পক্ষের কৌঁসুলি আমাকে আদালতে উপস্থিত পেয়ে একটি জামিন আবেদন এবং একটি অব্যাহতি আবেদনের কপি প্রদান করেন। আমি কপি গ্রহণ করে কোর্টের দাখিলীয় কপিতে আপত্তিসহ স্বাক্ষর করি এবং আমার সিল প্রদান করি। এরপর পিটিশন শুনানির জন্য উপস্থাপিত হলে আদালতকে আমি আপত্তির বিষয়ে জানাই। আসামিরা যেহেতু পূর্ব থেকে জামিনে ছিল এবং পূর্বের কোনো জামিনের অপব্যহার ছিল না তাই আদালত আসামিদের জামিন পূর্বপদ বহাল রাখেন এবং অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। তিনি আরো বলেন, আসামিপক্ষের দাখিলীয় জামিন আবেদন এবং অব্যহিত আবেদন দুটোতেই আপত্তির কথা উল্লেখ করে সিল ও স্বাক্ষর প্রদান করেছি।







