লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে কার্যালয়ে তালা দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম জাহেদ চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আখন্দের সাথে তার বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত একটি বিষয়ে কথা বলতে উপজেলা ভূমি অফিসে যান এটিএম জাহেদ চৌধুরী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার পিতার নামে থাকা একটি খতিয়ানের নামজারি কোনো ধরনের শুনানি ছাড়াই মিস মামলার মাধ্যমে বাতিল করে অন্য ব্যক্তির নামে নামজারি করা হয়েছে। এক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে তিনি ও তার সাথে থাকা নেতাকর্মীরা ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও মো. বায়েজিদ বিন আখন্দ। এ সময় তার সাথে এটিএম জাহেদ চৌধুরীর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইউএনও বলেন, ভূমি অফিসে দুর্নীতি হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো যেতে পারে। তবে সরকারি কার্যালয়ে তালা দেওয়া কোনো সমাধান নয়। অন্যদিকে, এটিএম জাহেদ চৌধুরীর দাবি, ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও হয়রানি চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অফিসের কর্মচারীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।
ঘটনার একপর্যায়ে ইউএনও উপজেলা ভূমি কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারী এবং উপজেলায় কর্মরত কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। ভূমি অফিসে তালা দেওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে সংবাদকর্মীদের এটিএম জাহেদ চৌধুরী বলেন, আমার পিতার নামে দীর্ঘদিনের একটি খতিয়ানের নামজারি বাতিল করে টাকার বিনিময়ে অন্যজনের নামে নামজারি করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এছাড়া ভূমি অফিসে দিনের পর দিন দুর্নীতি ও হয়রানি চলতে থাকায় তালা লাগিয়ে দেওয়ার কথা বলেছি। অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, এ বিষয়ে ইউএনওর সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।











