চারটি দলকে নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম রিজিওনাল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে গতকাল ১০ সেপ্টেম্বর সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট পরিচালনা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মো. আলমগীর, বিসিবি পরিচালক ও বয়স ভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু, বিসিবি পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ–ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, কিউরেটর জাহিদ রেজা বাবু, এক্সিকিউটিভ মো. শাহীন হোসেন, বিভাগীয় কোচ মমিনুল হক এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সৈয়দ জাহিদুল হাসান চৌধুরী, আবু সামা বিপ্লব, জয়নাল আবেদীন ও সারোয়ার হোসেন বাবু। সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগকে চারটি জোনে ভাগ করে এই টুর্নামেন্টের দলগুলো গঠন করা হয়েছে। চট্টগ্রামে স্থানীয় ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা এবং প্রাক–মৌসুম প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন জোনের দলগুলোকে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ও স্থানীয় প্রতিষ্ঠান। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটন অঞ্চল নিয়ে গঠিত দল ইস্পাহানী কর্ণফুলী, যার স্পন্সর ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজ। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গঠিত ফর্টিস ময়নামতি দলের স্পন্সর ফর্টিস গ্রুপ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চল নিয়ে গঠিত ভুলুয়া দলের পৃষ্ঠপোষকতা করছেন নোয়াখালী জেলার বিসিবি কাউন্সিলর তাউছ মো. বেনী আমিন চৌধুরী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার অঞ্চল নিয়ে গঠিত সাম্পান দলের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ। আগামী ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমী দর্শক ও সমর্থকদের সুবিধার্থে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সমপ্রচার করবে এন স্পোর্টস এবং বল–বাই–বল স্কোর পাওয়া যাবে ক্রিকহিরোজ (ঈৎরপযবৎড়বং) অ্যাপ বা প্ল্যাটফর্মে।









