মীরসরাইয়ে গলিত লোহায় দগ্ধ চীনা প্রকৌশলীর মৃত্যু

এ নিয়ে মারা গেল তিনজন

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলাস্থ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হওয়া চীনা প্রকৌশলী জেংলিং হং ২ অক্টোবর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর পূর্বে চট্টগ্রাম মেডিকেলের বার্ণ ইউনিটে অপর একজন ও দুদিন আগে ঢাকায় আরেক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় সেখানে উক্ত চীনা প্রকৌশলীসহ চারজন দগ্ধ হয়েছিলেন। সর্বশেষ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন আহত অপর শ্রমিক জুয়েল (৩৬) চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)। তাদের মধ্যে শরিফুল ইসলাম ও জেংলিং হং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মনির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারখানা সূত্র ও পুলিশ থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেংলিং হংকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে শরিফুল ইসলামের মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের মনির হোসেন (২৭)। সর্বশেষ ২ অক্টোবর বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩)। তাঁর মৃত্যুর বিষয়টি চীনা নাগরিকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সুমন হোসেন নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় দগ্ধ অপর শ্রমিক জুয়েল (৩৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। নিহত শরিফুল ইসলাম (২৭) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলা ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সেলিম। শরিফুলের দুটি ছোট সন্তান রয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর দুপুরে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চীনা প্রকৌশলী জেংলিং হংকে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি রোগীর স্বজনদের আশ্বস্থ করে জানান, ইনস্টিটিউটেই তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারখানার প্রতিনিধি ও নিহত শরিফুলের স্বজনেরা থানায় এসেছেন। তাঁদের আইনি বিষয়টি জানানো হয়েছে। পরিবার মামলা না করলেও পুলিশ মামলা করতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।’ ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ক্ষতিপূরণের বিষয়ে পুলিশ অবগত নয়। এটি কোম্পানি ও ভুক্তভোগী দুই পক্ষের বিষয়। পুলিশ যা করবে, আইন মেনেই করবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী চ্যানেল থেকে বালু উত্তোলনে হাই কোর্টের নিষেধাজ্ঞা স্থগিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আগুন