বান্দরবানে কেএনএফের আরও দুই সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের। আসামিরা হলেন বান্দরবান সদরের ৪ নম্বর সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুইজন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

এর আগে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৩ জনসহ মোট ৬৫ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের উপ–পুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধএকজনের প্রার্থিতা বাতিল ৩১ জনের বৈধ ঘোষণা
পরবর্তী নিবন্ধমানুষ নৌকাকে ভয় পায় বলে আওয়ামী লীগ দলীয় প্রতীক রাখেনি : খসরু