সাতকানিয়ায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০০ জন প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও দেশ গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের জন্য মূল্যবান সম্পদ। তাই প্রবীণ বয়সে এসে কেউ যেন অবহেলা কিংবা একাকিত্বের শিকার না হন, সেদিকে পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, আজ যারা প্রবীণ, তারাই একসময় পরিবার ও সমাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তাদের অভিজ্ঞতা আমাদের নতুন প্রজন্মের জন্য বড় শিক্ষা। প্রবীণদের সম্মান করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। সভায় বক্তারা বলেন, প্রবীণদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা সমাজের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।













