গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৪ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন। চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। চলতি বছরে এ যাবত মোট ৮০ হাজার ৩৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। খবর বাংলানিউজের।
হাম : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যুর পাশাপাশি উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩০০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২১৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৪ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৯৬ হাজার ৪১৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮২ জন, গত ১৫ মার্চ থেকে ০৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন। গত ১৫ মার্চ থেকে ০৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৪৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯০৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।











