বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের একটি বড় অংশ জরুরি ক্ষেত্রেও চিকিৎসা নিতে পারছে না। কেননা, চিকিৎসকের ফি, রোগ নির্ণয়ে পরীক্ষা–নিরীক্ষার খরচ, ক্রমাগতভাবে দাম বাড়তে থাকা ওষুধ ও আনুষঙ্গিক জিনিসপত্র কেনা–সব মিলিয়ে চিকিৎসার ব্যয় ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এক শ্রেণির চিকিৎসক, ওষুধ কোম্পানি ও ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারের অনৈতিক যোগসাজশের কারণে চিকিৎসাসংক্রান্ত খরচের পরিমাণ। ফলে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদন ও সাক্ষাৎকারে চিকিৎসক ও ওষুধ কম্পানির অনৈতিক যোগসাজশ, তার প্রতিক্রিয়ায় ওষুধের মূল্যবৃদ্ধি এবং চূড়ান্তভাবে রোগীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির এক নির্মম চিত্রই উঠে এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য মতে, ব্যক্তির চিকিৎসা খরচের ৬৪.৬ শতাংশই যায় ওষুধের পেছনে। এদিকে উচ্চ ব্যয়ের কারণে বহু মানুষ চিকিৎসাই নিতে পারছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের তথ্য মতে, দেশের দুই–তৃতীয়াংশ মানুষ গ্যাস্ট্রিক, রক্তচাপ, বাতজ্বর, হাঁপানি ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগলেও তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি কোনো ধরনের চিকিৎসাই নেয় না। অন্যতম কারণ, ওষুধের অতিরিক্ত দাম।
চিকিৎসা ব্যয় কেন বাড়ছে তার কয়েকটি প্রধান কারণ হলো সরকারি হাসপাতালের সীমিত সুযোগ–সুবিধা। বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালে সেবা থাকলেও পর্যাপ্ত যন্ত্রপাতি, ডাক্তার, নার্স ও বেডের সংকট থাকে। এতে রোগীরা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যায়, যেখানে খরচ কয়েকগুণ বেশি। অনেক ওষুধ দেশীয়ভাবে উৎপাদিত হলেও, বিশেষ করে ক্যানসার, হার্ট ও কিডনির ওষুধগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে দাম বেড়ে যায়। তা ছাড়া অনেক ফার্মেসি অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করে। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের খরচে প্রতিদিনই নতুন নতুন টেস্টের নাম যুক্ত হচ্ছে। রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হলেও এর ব্যয় বহন করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। কিছু কিছু ডাক্তার ও হাসপাতাল কমিশনভিত্তিক চিকিৎসা বা টেস্টে পাঠান, যার ফলে খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্যসেবার ব্যয় যখন সরাসরি মানুষের পকেট থেকে আসে, তখন সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবে অর্থহীন হয়ে পড়ে। বাংলাদেশে ব্যক্তিগত ব্যয়ের হার দীর্ঘদিন ধরেই উদ্বেগজনকভাবে বেশি। এর সঙ্গে যোগ হয়েছে সেবা প্রতিষ্ঠানের সীমিত প্রস্তুতি, মানবসম্পদের ঘাটতি ও সেবার মান নিয়ে অনিশ্চয়তা। দেশের প্রায় অর্ধেক স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত নয়–এটি কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয়, বরং দীর্ঘদিনের ব্যবস্থাগত অবহেলার ফল। তাঁরা বলেছেন, রোগীর ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্যখাতের মোট ব্যয় দিনে দিনে বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৭৩ শতাংশে পৌঁেছছে। অথচ ২০৩০ সালের মধ্যে চিকিৎসা ব্যয় প্রায় ৭০ শতাংশ বহন করবে সরকার এবং ৩০ শতাংশ ব্যয় রোগী বহন করবে এমন লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু রোগীর নিজস্ব ব্যয় কমার পরিবর্তে আরো বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় চিকিৎসার জন্য রোগীর নিজস্ব ব্যয় কমিয়ে আনা এখন সময়েরই দাবি। রোগীরা চিকিৎসার জন্য বেশিরভাগ অর্থ ব্যয় করেন ওষুধ ক্রয়ে। গাইডলাইন অনুসরণ ও প্রমাণভিত্তিক চিকিৎসা চালু করতে পারলে রোগীর ব্যক্তি পর্যায়ে চিকিৎসা ব্যয় কমিয়ে আনা সম্ভব। চিকিৎসকরা রোগীদের প্রেসক্রিপশনে এমন ওষুধ লিখবেন যা রোগীর জন্য অবশ্যই প্রয়োজনীয় ও সুলভমূল্যে পাওয়া যায়। আনরেজিস্ট্রারড ওষুধ বা প্রোডাক্ট কোনোভাবেই প্রেসক্রিপশনে লেখা যাবে না। চিকিৎসকগণ প্রেসক্রিপশনে এমন ওষুধ লিখবেন যা রোগীর জন্য অতি প্রয়োজনীয় এবং খরচও কম। তাই এটা হতে পারে সকল চিকিৎসকদের জন্য দৃষ্টান্ত। তাহলেই চিকিৎসার খরচ কমে আসবে। রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে ডাক্তারদের ভূমিকা রাখতে হবে।
বিশেষজ্ঞরা বলেন, রোগ প্রতিরোধ, পুষ্টি, প্রাথমিক সেবা ও ওষুধ ব্যবস্থাপনা দুর্বল থাকলে চিকিৎসা ব্যয় কমবে না, দারিদ্র্যের চাপও হালকা হবে না। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে চিকিৎসার ঘাটতি দেখিয়ে দেয়–প্রতিরোধমূলক রোগ মোকাবিলায় বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের জন্য নতুন করে সবকিছু শুরু করার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন রাজনৈতিক অগ্রাধিকার ও সমন্বিত সংস্কার।







