জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার উদ্যোগে দিনব্যাপী ‘অগ্রসর কর্মী শিক্ষাশিবির’ গত ২৪ জুলাই স্থানীয় থানা সেক্রেটারী জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী আজাদ চৌধুরী ও মো. ওমর গনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে কর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দ্বীনি জ্ঞান বৃদ্ধি এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কেবল সংখ্যায় বৃদ্ধি পেলেই চলবে না, গুণগত মানেও নিজেদের শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষাশিবিরে ‘মুমিন জীবনে বাইয়াতের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বাইয়াত একজন মুমিনের জীবনে দ্বীনের পথে অবিচল থাকার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থেকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সেক্রেটারী শামশুজ্জামান হেলালী, থানা আমীর মুহাম্মদ ইসমাইল এবং নগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন। তিনি কর্মীদের আত্মগঠন, নিয়মিত অধ্যয়ন, সাংগঠনিক শৃঙ্খলা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










