দেশের সুপ্রাচীন ও সুবৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ পর্ব (২০২২–২০২৩ সেশন) শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১৪ মে) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম, বিভাগের অধ্যাপক তানিয়া শফি, অধ্যাপক আনোয়ার মালেক মজুমদার, সহকারী অধ্যাপক নাহিদ ফাতেমা এবং প্রভাষক আবু তাহের।
অনুষ্ঠান ও মাস্টার্স শেষ পর্ব ২০২২–২০২৩ ব্যাচের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদায়ী শিক্ষার্থী এস এম শিহাব উদ্দিন ও রুবাইয়াত আফসানা। সমগ্র আয়োজন বাস্তবায়নের পেছনে ছিলেন বিভাগের বিদায়ী শিক্ষার্থী শাহাদাত হোসাইন, রফিকুল ইসলাম ও নূর উদ্দিন। সহযোগিতায় ছিলেন রুবাইয়াত আফসানা, ওয়াহিদা তাবাস্সুম আঁখি, সাজেদা জান্নাত, জান্নাতুল কাউসার ও ফাহমিদা হোসাইন।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা পর্ব, সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, আজ তোমরা বাস্তব জীবনে পদার্পণ করছ। কর্মক্ষেত্রে তোমরা যেখানেই যাও সবসময় সুকর্মের স্বাক্ষর রাখবে। তিনি বলেন, কর্মজীবনে সফল হতে হলে সময়ানুবর্তী ও কাজের প্রতি একনিষ্ঠ হও। আজ তোমরা যে উচ্চশিক্ষায় শিক্ষিত, সেখানে শুধু তোমাদের মা–বাবার অর্থই নয়, রাষ্ট্রেরও অর্থের বিনিয়োগ রয়েছে। তাই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি তোমাদের দায়িত্ব ভুলে গেলে চলবে না। রিজিকের অন্বেষণে এবার পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং নিজেদের দেশ ও সমাজের কল্যাণে নিয়োজিত করো।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী বলেন, শিক্ষার্থীদের অবশ্যই সময়ের গুরুত্ব বুঝে কাজ করতে হবে। জীবনে যে যত বেশি সময় মেপে চলতে পারবে, সে তত বেশি এগিয়ে যাবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা চট্টগ্রামের মত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেছ। এটি অনেক বড় এক প্রাপ্তি। তোমরা পৃথিবীর যেখানে যাও চট্টগ্রাম কলেজের শিক্ষাকে বুকে ধারণ করবে। তোমরা একেকজন চট্টগ্রাম কলেজের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। এর সুনামকে উত্তরোত্তর বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।













