ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আসহাব উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মুরাদ–এ–মওলা সোহেলের আদালতে মামলাটি দায়ের করেন গৃহকর্মীর মা। বাদীর আইনজীবী রানা ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত আমার মক্কেলের মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৫ এপ্রিল ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গৃহকর্মীকে ধর্ষণ করেন। এ বিষয়ে তার কাছ থেকে মামলার বাদী জানতে চাইলে হুমকি দেন আসামি নিজাম। পরে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে তিনি বিচার করবেন বলে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশুল্কমুক্ত সুবিধার ৫২ লাখ টাকার ফেব্রিক্স জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম নগরী ও কক্সবাজারকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করছে সরকার