হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লবের তাৎপর্য ও ওলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর আল্লামা শেখ আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিজমের অবসান হয় গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র–জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে। এ গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য। এক হাজার চার শতাধিক নিহত এবং ৩০ হাজার আহত ছাত্র–জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সফল হয় এই অভ্যুত্থান। অভূতপূর্ব এ অভ্যুত্থানে অংশ নেন সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম–ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীরাও। মূলত ২৪ এর এই আন্দোলনের প্রেক্ষাপট রচনা হয়েছিল ১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের নাস্তিক বিরোধী আন্দোলনের মাধ্যমে।
প্রধান আলোচকের বক্তব্যে হেফাজতের নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল জুলাই আন্দোলনে নেমে আসা মাদ্রাসা ছাত্রদের আবাবিলের সাথে তুলনা করে বলেন, জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ছিল পুরোদস্তুর রণক্ষেত্র। যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র–শিক্ষকগণ আহ্বান করেন সংহতি সমাবেশ। ৩ আগস্ট সকালে কাজলা পেট্রোল পাম্পের সামনে সাধারণ আলেম সমাজের ব্যানারে দেশের পরিচিত আলেমদের নিয়ে সংহতি সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সংহতি প্রকাশ করেন। সেখানে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান অনেক আলেম ও মাদ্রাসার ছাত্র। এভাবে যাত্রাবাড়ীর আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা মিশে যান জুলাই বিপ্লবের অংশ হয়ে। বিপ্লবী মাদ্রাসা শিক্ষার্থীদের এই অংশগ্রহণকে সরাসরি খোদায়ী নুসরাত আখ্যায়িত করে বলেন, যেন অত্যাচারী আব্রাহার বিরুদ্ধে খোদা প্রেরিত আবাবিল।
আন্দোলনের পাশাপাশি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে মাদ্রাসার শিক্ষক–ছাত্ররা এক অনন্য নজীর স্থাপন করেছে উল্লেখ করে সভাপতির বক্তব্য দেন হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা মুফতী জসিম উদ্দিন, আল্লামা শোয়াইব জমিরী, আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ, মুফতী হাবিবুর রহমান কাসেমী, আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস নদভী, সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ, মাওলানা কুতুব উদ্দিন নানুপুরী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন হেফাজতের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার। হেফাজতের হাটহাজারী উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা কে এম আলমগীর মাসউদ, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা ইয়াছিন, মাওলানা ইউনুস, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা হাফেজ আবদুল মাবুদ, মুফতী মাসউদুর রহমান চৌধুরী ও আবু তাহের রাজিব।












