আনোয়ারায় খাসজমি থেকে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় সরকারি খাসজমি থেকে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। গত বুধবার বিকালে পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্সের সামনে এটি অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান, পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাসেম, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য জিয়াউর রহমান, বারশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালেক প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলম খান তার বক্তব্যে বলেন, নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাসজমি থেকে লবণাক্ত মাটি কেটে পারকি সৈকতের পর্যটন কমপ্লেক্সের সবুজায়ন (বাগান) তৈরী প্রকল্পের মাটি ভরাটের ঘটনা ও পর্যটন কমপ্লেক্সের উন্নয়ন কাজের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কাছে এই ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান খাজা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী সুজন সিংহ বলেন, প্রকল্পের নিয়ম মেনে আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি। স্থানীয়দের অভিযোগ সত্য নয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে
পরবর্তী নিবন্ধদেশীয় সাংস্কৃতিক সংসদের বৈশাখী অনুষ্ঠান