শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে

আনোয়ারায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ আইন বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম। উদ্বোধক ছিলেন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সিনিয়র সাইন্টিস্ট এবং এসোসিয়েট গ্রুপ লিডার ড. মোস্তফা কামাল মাসুদ।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা আজ বহুমুখী চাপে পড়ে পড়াশোনা ঠিকমতো আত্মস্থ করতে পারছে না। তাদের চিন্তা চেতনার বিকাশ হচ্ছে না। মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই দুরবস্থার অবসান ঘটাতে হবে। প্রধান অতিথি কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সততা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারলে তারাই হবে আগামী দিনে দেশের কান্ডারী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর বলেন, শিক্ষার্থীদের মাঝে থাকা সুপ্ত প্রতিভা জাগাতে বহুমাত্রিক জ্ঞানমুখী পদক্ষেপ নিতে হবে। বিশেষ বক্তা ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন মুহাম্মদ কবিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক এস এম বোরহান উদ্দিন। পূর্ব বরৈয়া টি.এম.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন নূরই জাবাল হক ইমন, মুহাম্মদ আবদুল মতিন, মাস্টার আবুল বশর, রফিকুল ইসলাম তৈয়বী, বাবু নিউটন কান্তি নাথ, ইবনে সাকা রিয়াদ, মাওলানা আবদুল কাদের, শাহিন আকতার, রওশন আকতার, ফাতেমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতির ওপর হামলার প্রতিবাদে সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় খাসজমি থেকে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন