শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারবিষয়ক কর্মশালা

কক্সবাজারে রবি’র উদ্যোগ

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে কক্সবাজারে ২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রবি আজিয়াটা পিএলসি’র উদ্যোগে কক্সবাজার মডেল স্কুল এবং বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এসব কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের সুফল ও ঝুঁকি, অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, সন্দেহজনক লিংকে প্রবেশ এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন তরুণ শিল্প উদ্যোক্তা ও হুইজ কমিউনিকেশন্সের পরিচালক কাজী আরফাত এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের আইটি বিভাগের প্রধান শাহে আরমান। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে সহায়তা করে, তেমনি অসচেতন ব্যবহার তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখানোর পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং কক্সবাজার মডেল স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক কানিজ ফাতেমা (আইসিটি), সহকারী শিক্ষক মোহাম্মদ কাছেদ (আইসিটি) এবং বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম ও আইসিটি শিক্ষক মিজানুর রহমান মিজান।

শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত খেলোয়াড় বাছাই আজ