হিলভিউ আবাসিক ১ নম্বর সড়কের ডাম্পিং স্টেশন অন্যত্র স্থানান্তরের দাবি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে ময়লার একটি ডাম্পিং স্টেশন দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডাম্পিং স্টেশনটি দ্রুত অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এখানে ময়লাআবর্জনা এনে স্তূপ করা এবং অপসারণের কাজ চলায় সারাক্ষণ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে মশামাছির উপদ্রবও আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এর ফলে এলাকার বাসিন্দাদের পাশাপাশি নিকটবর্তী হিলভিউ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। স্কুলে যাওয়াআসার সময় দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এলাকাবাসী জানান, প্রায়ই ময়লা ছড়িয়েছিটিয়ে আশপাশের পরিবেশ নোংরা হয়ে থাকে। এতে একদিকে যেমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, অন্যদিকে এলাকার সৌন্দর্যও নষ্ট হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা একাধিকবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, জনস্বার্থ এবং শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হিলভিউ আবাসিক এলাকার এই ময়লার ডাম্পিং স্টেশন দ্রুত অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে বলেও তারা মন্তব্য করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি
পরবর্তী নিবন্ধশিক্ষক মোরশেদুল আলম