হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে সাতটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন পৃথক আরেকটি অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন এই অভিযানগুলো পরিচালনা করে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় ফার্মেসিগুলোতে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।
আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, লাইসেন্স না থাকা এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির দায়ে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী সাতটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফেরদৌস ফার্মেসি, মেসার্স আল মক্কা ফার্মেসি, কাচারী সড়কের মেসার্স নিউ খাজা ফার্মেসি, মেসার্স আল মদিনা ফার্মেসি, আল রহমান ফার্মেসি, মায়া ফার্মেসি এবং আল আমিন ড্রাগ হাউস। জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ সহযোগিতা করে।
একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কামালপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অপরাধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী আবদুল জব্বার লিটন ও সুমন নাথ নামের দুই মাদকাসক্তকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ফার্মেসিতে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









