সড়কে গাড়ি ভাঙচুর, মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ৯:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার পিএবি সড়কে হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের মাঝখানে দাঁড়িয়ে তিনি একের পর এক যানবাহনে ভাঙচুর চালান। পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা ও চালকদের গণপিটুনির শিকার হন তিনি। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার দৌলতপুর স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই যুবক হঠাৎ সড়কের মাঝখানে উঠে এদিকসেদিক ছুটোছুটি করতে থাকেন। একপর্যায়ে তিনি কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। তার আচরণে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে চলন্ত যানবাহন থেকে নেমে যাওয়ারও চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত যানবাহনের চালকরা তাকে আটক করে মারধর করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার ব্যবস্থা করে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি এক সময় টেম্পোচালক ছিলেন। বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে কাজ চলছে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঝুপড়ি ছেড়ে এবার আধুনিক ফ্ল্যাটে উঠছে ৭৩০ পরিবার
পরবর্তী নিবন্ধহেরোইন গাঁজা ও ইয়াবা উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন