স্কুলে ঘণ্টা বাজানোর মানুষটির ৪০ বছরের কর্মজীবন

বিদায়বেলায় আবেগঘন সংবর্ধনা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

প্রতিদিনের মতো সেদিনও ছুটির ঘণ্টা বাজানোর দায়িত্ব ছিল তার ওপরই। যে ঘণ্টার আওয়াজে প্রতিদিন শত শত শিক্ষার্থী বাড়ি ফিরত, জীবনের শেষ কর্মদিবসে সেই নিজের বিদায়ের ঘণ্টা বাজিয়েই চিরচেনা প্রাঙ্গণ ছাড়লেন মিলন মল্লিক। দীর্ঘ চার দশকের মায়া জড়িয়ে থাকা কর্মস্থল থেকে সম্প্রতি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এই চতুর্থ শ্রেণির কর্মচারী আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন। সবার কাছে তিনি ভালোবাসার ‘মিলন দা’ নামেই পরিচিত।

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। ১৯৮৪ সালের ১৯ এপ্রিল এই বিদ্যালয়ে যোগ দিয়ে দীর্ঘ কর্মজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে পার করেছেন মিলন মল্লিক। মূল অবসরের পরও গত দুই বছর প্রাতিষ্ঠানিক দায়িত্বে ছিলেন তিনি।

শেষ কর্মদিবসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। শিক্ষক মো. রেজাউল ইসলাম ও চন্দন দত্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমলেন্দু ধর, সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক প্রতিনিধি মো. রহিম উদ্দিন সিকদার এবং অভিভাবক প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব, সিনিয়র শিক্ষক রনজিত চক্রবর্ত্তী, মো. নাসির উদ্দিন, চৈত্রী বড়ুয়া, জেসমিন আকতার, সহকারী শিক্ষক বরুন তালুকদার ও মান্না বড়ুয়া। মানপত্র পাঠ ও সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীসহ অনেকেই তাঁকে উপহার দিয়ে সম্মানিত করেন। এছাড়া মনোমুগ্ধকর বিদায়ী সংগীত পুরো অনুষ্ঠানটিকে এক আবেগপ্রবণ পরিবেশে রূপ দেয়।

৪০ বছর ধরে যিনি অন্যদের বাড়ি ফেরার বার্তা শুনিয়ে গেছেন, কর্মজীবনের ইতি টানলেও সহকর্মী ও শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবেন সবার প্রিয় ‘মিলন দা’ সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই প্রত্যাশা সবার।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণ করে কারাগারে হাসেমের আরেকপুত্র রুবেল
পরবর্তী নিবন্ধমেয়ের জ্ঞান ফেরার অপেক্ষায় মা, ৩ দিন ধরে লাইফ সাপোর্টে জান্নাত