দুই যুগের দুই আগ্রাসী ব্যাটার সাব্বির রহমান ও শামীম হোসেন। দুজনই সুযোগ পেয়েছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে। মালেয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজটি খেলবে বাংলাদেশ এইচপি দল। আগামী শনিবার ও সোমবার ম্যাচ দুটি হবে মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে। একসময় এইচপি স্কোয়াড মূলত উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া হলেও সমপ্রতি সেই ধরন পাল্টে ফেলা হয়েছে। সম্ভাবনাময়দের পাশাপাশি জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে বছরব্যাপী চলবে এইচপির কার্যক্রম। ১৫ সদস্যের এই দলেও পড়েছে সেটিরই প্রতিফলন। সাব্বির ও শামীম যেমন আছেন, তেমনি সদ্য বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি খেলা আব্দুল গাফফার সাকলাইনকে রাখা হয়েছে, আবার সুযোগ পেয়েছেন প্রায় ৮ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার আবু হায়দার রনি। তরুণ দুই আগ্রাসী টপ অর্ডার জিসান আলম ও জাওয়ার আববার সুযোগ পাচ্ছেন তাদের ব্যাটের ধার দেখাতে। দলকে নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার এসএম মেহরব। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলও পেয়েছেন সুযোগ। পেসার রাখা হয়েছে কেবল তিনজনই, সাকলাইন ও আবু হায়দারের সঙ্গী মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলাদেশ এইচপি স্কোয়াড: এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন।












