অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন। শুক্রবার (৬ নভেম্বর) চিলির রাজধানী সান্তিয়াগোতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের পোস্টে বলা হয়, তার স্মৃতি চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যিনি চিলির সংস্কৃতিতে ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে অসামান্য অবদান রেখেছেন। খবর বাংলানিউজের।
সেবাস্তিয়ান লেলিও সবচেয়ে বেশি পরিচিত ২০১৭ সালের চলচ্চিত্র ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’–এর জন্য। সিনেমাটি ২০১৮ সালে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জেতে। আগে এই বিভাগটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত ছিল। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী ড্যানিয়েলা ভেগা। এতে একজন ওয়েট্রেস ও নাইটক্লাবের গায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রেমিকের মৃত্যুর পর নানা সামাজিক ও ব্যক্তিগত সংকটের মুখোমুখি হয় তার চরিত্র। এই পুরস্কার ছিল চিলির দ্বিতীয় অস্কার জয়। এর আগে ২০১৬ সালে অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিয়ার স্টোরি’ অস্কার জিতেছিল। সেবাস্তিয়ান লেলিওর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়েভ’, ‘দ্য ওয়ান্ডার’, ‘ডিসওবিডিয়েন্স’ এবং ‘দ্য ইয়ার অব দ্য টাইগার’। ক্যারিয়ারে জুলিয়ান মুর, র্যাচেল ওয়েইজ ও ফ্লোরেন্স পিউয়ের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। মৃত্যুর আগে সেপ্টেম্বরে আলেহান্দ্রো জামব্রার বই অবলম্বনে ‘পোয়েটা চিলেনো’ (চিলিয়ান পোয়েট) চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন এই নির্মাতা। তবে সেই সিনেমার কাজ শেষ করার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই নির্মাতা।










