রোদের দুপুর

বিপুল বড়ুয়া | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

একটি দুপুর–রোদের দুপুর–গনগনে রোদ জ্বলা

পুড়ছে সবাই–নেই বাঁচোয়া একতলা–সাততলা।

ঢুলছে মুদি–খেয়া মাঝি–বন্ধ দোকান ঝাঁপ

বাইরে ঘোরা বন্ধ আজ কোথায় ছোটা লাফ।

পাখ–পাখালি ঝিম মেরেছে কারোও নেই সাড়া

ঝিমোয় কুকুর–ছুটবে কোথায় আহ্‌ কী নিঝুম পাড়া।

ধুলোর মেঠো অলস ঘুমোয় কার না পড়ে পা

পাতা–ফুলে ঘুম ঢুলুনি চারদিকে খাঁ খাঁ।

মার হাঁকডাক ঘুম পাড়োতে বাইরে যাওয়া মানা

পড়তে বসে ঠিক ঝিমোবে আমার আছে জানা।

চুপটি করে ঘুমিয়ে পড়ো খেলনাপাতি থাক

কী করছো জানাই আছে খুঁজছো কিছু ফাঁক।

‘কি খুঁজছি–জানিই নাতো ডাকছে তবে কেউ

এই দেখোনো কেমনতরো রোদ ঝলমল ঢেউ।

খেলবে এসো–কেমন তুমি–করছোটা কি ঘরে

দেখো দেখো–বাইরে আরেক জগৎ আছে পড়ে।’

রোদের দুপুর যায় ডেকে যায়–দেয় বাড়িয়ে হাত

আজ ছুটি সব অঙ্ক–সমাজ–বাংলা–ধারাপাত।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার স্বপ্ন
পরবর্তী নিবন্ধভাসমান শহর