রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১১ মে, ২০২৬ at ১:১২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ধরা হয়। এরমধ্যে গ্রেফতার মোঃ তাজুল ইসলাম (৫১) রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গোডাউন বাজার এলাকার মৃত উকিল আহম্মদের ছেলে।

গত ১০ মে এসআই মিজানুর রহমান তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও দাঙ্গার অভিযোগে দায়েরকৃত রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৬(০২)২৫ (জিআর-১৮/১৪) এর অধীনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অন্যদিকে গ্রেফতার দিদারুল ইসলাম কাঞ্চন (৫৫) উপজেলার লালানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তাকে ১১ মে রাতে এএসআই আবদুর রহিম তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, ১৯৯১ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় (দায়রা মামলা নং-২০৭/৯২) তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, অপরাধীদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে : এরশাদ উল্লাহ এমপি
পরবর্তী নিবন্ধসাজেক সড়কে ইউপিডিএফের আধাবেলা অবরোধ চলছে