রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য গুলি করে হত্যার প্রতিবাদে সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি চলছে। চলে দুপুর ১২টা পর্যন্ত।
সকাল থেকে সাজেক সড়কের উজোবাজারসহ বিভিন্ন অংশে সড়কে গাছের গুঁড়ি ও সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে ইউপিডিএফ সদস্যদের।
এদিকে অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়ক ও মারিশ্যা-দীঘিনালা সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সাজেক পর্যটন কেন্দ্রের পর্যটকবাহী গাড়ি চলাচলও বন্ধ রয়েছে।
সাজেকে রিসোর্ট কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেব বর্মন বলেন, অবরোধের কারনে সকাল থেকে কোন পর্যটনবাহী আসা যাওয়া করতে পারেনি। হয়তো দুপুরের পরে স্বাভাবিক হলে পর্যটকবাহী গাড়িগুলো আসা শুরু করবে। বর্তমানে সাজেকে পর্যটকের সংখ্যা একেবারে কম।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত শনিবার (৯ মে) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরুণকে (৪৯) হত্যার প্রতিবাদে সাজেক পর্যটনের প্রধান সড়কে আধাবেলা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।














