মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বিস্কুট কারখানা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় উদ্ধার হওয়া যুবকের নাম আমিনুল ইসলাম (৩৫)। আমিনুল চট্টগ্রাম নগরের বিশ্বকলোনি এলাকার সাহেব আলীর ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন উক্ত বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। জানা গেছে, আমিনুল একদিন পূর্বে বাসা থেকে বের হয়েছিলেন।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ওই কারখানার একজন পাহারাদার সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












