বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশসংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবদুর রহমান খান (পরিচিতি নম্বর৭৬৮) এর ভোগকৃত অবসরউত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে তাকে বিশ্বব্যাংকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। খবর বাসসের।

বিশ্বব্যাংকের পরিচালনা কাঠামোয় বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করেন নির্বাহী পরিচালকরা। সংশ্লিষ্ট দেশের নীতি, অর্থনৈতিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে এসব প্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশ যে কনস্টিটিউয়েন্সির অন্তর্ভুক্ত, সেখানে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খানের নিয়োগের ফলে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে তার দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন দায়িত্বে তিনি বিশ্বব্যাংকের ঋণ, উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনে ভূমিকা রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত
পরবর্তী নিবন্ধনবীজির জীবনাদর্শে আলোকিত হোক নতুন প্রজন্ম