নগরের জামালখান সিঁড়ির গোড়ায় ফুটপাত দখল করা ব্যবসায়ীদের কাছ থেকে আবারও সবজি জব্দ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সকালে পরিচালিত এ অভিযানে ২ মণ বিভিন্ন ধরনের সবজি জব্দ করা হয়। পরে তা কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৭টি ভ্যান গাড়ি, টং দোকান ও ফুড স্টলের মালামালও জব্দ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর একই জায়গায় পরিচালিত অভিযানে ৩০ ধরনের বিভিন্ন সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়। গত সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। জামালখান ছাড়াও চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা ও লালদীঘির পাড় এলাকায় অভিযান চালানো হয় এদিন। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়।
আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন শহরকে পরিচ্ছন্ন রাখতে খুব চেষ্টা চালাচ্ছেন। একাই বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে অনিয়ম রোধ করছেন। ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণ কাজ প্রতিহত করছেন। তাঁর পরিশ্রম ও আন্তরিকতা দৃশ্যমান। সরেজমিনে স্পট পরিদর্শন করে বলেন, চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রামকে ক্লিন, গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীরও সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারি সম্পদ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ড্রেন, নালা ও পানি চলাচলের পথ দখল করে কোনো ধরনের ব্যবসা বা স্থাপনা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
আসলে সাধারণত ব্যস্ত সড়কের পাশে ফুটপাত তৈরি করা হয় সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে, ফুটপাত ব্যবহার করতে পারে; সেজন্য ফুটপাত পরিচ্ছন্ন রাখতে হয়। এর পাশে দোকানপাট নির্মাণ বা ফুটপাতের ওপর দোকানের বর্ধিত অংশ চলে যাওয়া বা হকারদের বসতে দেওয়া কোনোভাবেই উচিত নয়। কিন্তু বাস্তবে আমরা কী দেখি! দেখি এর বিপরীত চিত্র। ছোট ছোট দোকান, নির্মাণসামগ্রী, ব্যবসাসামগ্রী আর হকারদের ঠেলে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিনই হয়রানি পোহাচ্ছেন পথচারীরা। আবার কোথাও কোথাও পাশের দোকানের পণ্যসামগ্রী রাখা হয় সামনের ফুটপাত দখল করে। ফুটপাতের পাশে গড়ে ওঠা দোকানগুলোর মালামালেই দখলে থাকে ফুটপাতের অর্ধেক জায়গা। ফলে ফুটপাতে চলাচল করতে পথচারীদের অসুবিধা হয়। অনেক সময় ফুটপাতের এ অবস্থার জন্য পথচারীদের রাস্তার পাশ দিয়ে চলতে হয়। বিশেষ করে নারীদের চলাচলে বেশি অসুবিধা দেখা দেয়। এসব দোকানে জনসাধারণের ভিড়ের কারণে নারী পথচারীদের চলাচল করতে হিমশিম খেতে হয়। ফলে বাধ্য হয়ে তাদের প্রধান সড়কে হাঁটতে হয়। নগর বিশেষজ্ঞরা বলেন, একটি সভ্য শহরকে চেনার অন্যতম সহজ উপায় হলো তার ফুটপাত। প্রশস্ত সড়ক, উঁচু দালান কিংবা দৃষ্টিনন্দন স্থাপনা আধুনিকতার প্রতীক হতে পারে, কিন্তু একটি রাষ্ট্র তার নাগরিকের মৌলিক চলাচলের অধিকার কতটা নিশ্চিত করতে পেরেছে, তার বাস্তব প্রতিচ্ছবি দেখা যায় ফুটপাতে। কারণ ফুটপাত নির্মিত হয় পথচারীর জন্য শিশু, বৃদ্ধ, নারী, প্রতিবন্ধী, শিক্ষার্থী, কর্মজীবী কিংবা সাধারণ নাগরিকের নিরাপদ চলাচলের উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমাদের ভিন্ন এক চিত্র দেখায়। ফুটপাত শুধু রাস্তা বা সড়কের সৌন্দর্যই বাড়ায় না। পথচারীদের নিরাপদে হাঁটতে সাহায্য করে। নির্বিঘ্নে চলাচলের উপযুক্ত স্থান ফুটপাত। প্রশস্ত ফুটপাতের কারণে যানজট বা দুর্ঘটনাও কমে অনেক। ব্যস্ত নগরীকে যানজটমুক্ত রাখতে স্বল্প দূরত্বে হেঁটে চলারও কোনো বিকল্প নেই।
এই ফুটপাতে অবৈধ উচ্ছেদের পর যাতে পুনরায় দখল হয়ে না যায় সেই পদক্ষেপও নিতে হবে। পাশাপাশি উদ্ধার হওয়া জায়গায় নিয়মিত মনিটরিং করতে হবে। কোনো হুমকি, ধামকি বা প্রলোভনে যেন কাজ না হয়। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসককে দৃঢ় ও কঠোর থাকতে হবে।







