পুষ্টি, যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আলোচনা

নগরে মিডিয়া কর্মশালা.

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

এসআরএইচআর এবং পুষ্টির জন্য নীতিগত সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধিতে মিডিয়া সেন্সিটাইজেশন’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্স ফর ইমপ্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এটি যৌথভাবে আয়োজন করে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। সহযোগী সংস্থা বাপসা ও মমতার সাথে বাস্তবায়িত এই প্রকল্পে সার্বিক সহায়তা প্রদান করছে কানাডার হেলথব্রিজ ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল একটি টেকসই ও সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের (এসআরএইচআর) সাথে পুষ্টির গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরা এবং স্বাস্থ্য খাতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাকে উৎসাহিত করা। কর্মশালায় বক্তারা নারীদের স্বাস্থ্যের ওপর অপুষ্টি, হরমোনের ভারসাম্যহীনতা ও জীবনযাত্রার প্রভাব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) নিবন্ধিত ‘ঋতুস্রাব নিয়মিতকরণ’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি, ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরকিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সহপাঠী প্রশিক্ষক তৈরির সাফল্যসমূহ উপস্থাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ড. কামরুল আজাদ। এসআরএইচআরে টিম লিডার শামিমা চৌধুরী তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা ও রূপরেখা তুলে ধরেন। মুক্ত আলোচনায় সাংবাদিকরা সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা, দুর্যোগের সময়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সমন্বিত কাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য রোধে নজরদারি বাড়ানোর ওপর জোর দেন। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাপসার নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন ও ইপসার পরিচালক নাসিম বানু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধকেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান