পায়ুপথে লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা উদ্ধার, বৃদ্ধ গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার মইজ্জ্যারটেক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। তার নাম সরওয়ার কামাল (৫৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউপির আলী আকবর পাড়া নজিরের বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে। তার কাছ থেকে মোট ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে চেকপোস্ট চলাকালে যাত্রীবাহী একটি বাস তল্লাশির জন্য থামানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা সরওয়ার কামালকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ শরীরের পায়ুপথে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে পুলিশ সদস্যরা এক্স–রে করে ইয়াবার প্যাকেট থাকার বিষয়ে নিশ্চিত হন। ইয়াবাগুলো কক্সবাজার থেকে কিনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও ক্যান্ট.পাবলিক কলেজ
পরবর্তী নিবন্ধজগতপুর আশ্রম অনাথলয়ে বস্ত্র বিতরণ