চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও ক্যান্ট.পাবলিক কলেজ

রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

যুক্তি, মেধা ও মুক্তচিন্তার প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে রবি–দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এবং স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। গত ২ অক্টোবর শুরু হওয়া সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গত ৯ অক্টোবর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে স্কুল পর্যায়ের ফাইনালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এ ছাড়াও এই প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা অর্জন করে রেলওয়ে পাবলিক স্কুল।

স্কুল পর্যায়ের ফাইনালের বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ চট্টগ্রামের অধিকতর উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করবে।’ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরকারি দল এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বিরোধী দল হিসেবে অংশ নেয়। ‘এই সংসদ দুর্বল ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় সহায়তায় বাঁচানোর পরিবর্তে তাদের ব্যর্থ হতে দেবে’ বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। এ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই বিশ্ববিদ্যালয়ের লিখন সরকার।

পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চুয়েটের শিক্ষার্থী কৌশিক কাব্য, অংকুর সোসাইটি স্কুলের হাফসা বিনতে আইয়ুব, সিলভার বেলস স্কুলের ইসরাত আরমান এবং কলেজিয়েট স্কুলের তাহমিদুল আলম।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাক্সেনটেক পিএলসির জেনারেল ম্যানেজার (করপোরেট বিজনেস অপারেশনস) আরিফ আহমেদ চৌধুরী, দৃষ্টির উপদেষ্টা ছাইফুল হুদা ছিদ্দিকী, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি বৃজেট ডায়েস এবং চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান তরুণদের মেধা, মনন ও সৃজনশীল চিন্তার বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি যুক্তিনির্ভর চিন্তা, সত্য অনুসন্ধান এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের গড়ে তুলতে এ ধরনের আয়োজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–সাবেক সভাপতি সাইফ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কসশাফুল হক শেহজাদ, জ্যেষ্ঠ সংগঠক বনকুসুম বড়ুয়া নুপুর, সংগঠক শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিন, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য সাদমান সাকিব জিশান ও অ্যাডভোকেট তানভীর আল জাবের, হেড অব মিডিয়া সাংবাদিক মুজিবুল হক, স্কুল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়কারী ডা. ইয়াসিন সাকিব, সহসমন্বয়কারী আবু জুনায়েদ আসাদ, নাজমা আলী নিপা, আরফাত কবির প্রমুখ। আলোচনা পর্ব শেষে অতিথিরা বিজয়ী ও কৃতী বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে
পরবর্তী নিবন্ধপায়ুপথে লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা উদ্ধার, বৃদ্ধ গ্রেপ্তার