চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোরশেদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চন্দনাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে চন্দনাইশ থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ধোপাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোপাছড়ি এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে সাবেক চেয়ারম্যান মো. মোরশেদুল আলমকে (৫৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আটজন হলেন সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের আবদুল শুক্কুরের ছেলে আবদুর রহমান (২৪), কেওচিয়া বৈদ্যবাড়ি এলাকার মৃত আবদুল শুক্করের ছেলে মোরশেদ আলম (২৮), দোহাজারী পৌরসভার হাছনদন্ডি এলাকার ফজলুল করিমের ছেলে তাছিদুল ইসলাম ইমতিয়াজ (২০), লোহাগাড়া উপজেলার মৃত আহমদ কবিরের ছেলে মো. হেলাল (২৮), একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. আবছার (২৫), চন্দনাইশ পৌরসভা এলাকার ইকবাল হোসেনের ছেলে মাইনুল ইসলাম, বড়ুয়াপাড়ার উদায়ন বড়ুয়ার ছেলে উৎপল বড়ুয়া এবং মৃত গোপেন্দু বড়ুয়ার ছেলে উদায়ন বড়ুয়া।












