নগরের সদরঘাট থানার কদমতলী এলাকার পোড়া মসজিদ এলাকায় ভেজাল মবিল উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের দায়ে ‘নিউ মোস্তফা এন্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
একই অভিযানে ক্যাস্ট্রল, সুপার ও হিরোসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের আদলে নকল মবিল তৈরির অভিযোগে মেসার্স জয়শ্রী অটো মোবাইল’কে সিলগালা করে দেয়া হয়। এ বিষয়ে মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জয়শ্রী অটোমোবাইল এর ভেতরে ড্রামে সংরক্ষিত লুব্রিকেন্টসের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল উৎপাদন এবং পরবর্তী সময়ে বিভিন্ন খুচরা দোকানে সরবরাহের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি কোনো ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের লাইসেন্স প্রদর্শন করতে পারেন নি। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে জয়শ্রী অটোমোবাইলসের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
অভিযন চলাকালে জয়শ্রী অটো মোবাইলসের কর্মচারী হৃদয় প্রথমে নকল মবিল তৈরির অভিযোগ অস্বীকার করেন। তবে ভোক্তার কর্মকর্তারা বিভিন্ন আলামত দেখানোর পর তিনি এ কাজের কথা স্বীকার করেন। এসময় হৃদয় দাবি করেন, তারা ছোট পরিসরে এ কাজ করেন। পুরো প্রক্রিয়া সম্পর্কে তিনি জানেন না, এ বিষয়ে মালিকপক্ষ জানে।
এদিকে অভিযানে গত ১১ নভেম্বর নকল মবিল তৈরির অভিযোগে সিলগালা করা আরেকটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় সেখানে পাওয়া নকল মবিল ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, তারা নকল মবিল তৈরির বিষয়টি নিয়ে কাজ করছেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এ এলাকায় আরও কয়েকটি নকল মবিল তৈরির কারখানার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থাও কাজ করছে। তিনি বলেন, আশপাশে অনেকগুলো পারিবারিক বাসা রয়েছে। এর মধ্যেই বিভিন্ন ভবনের নিচে নকল মবিল তৈরির গোডাউন ও কারখানা গড়ে উঠেছে। এসব জায়গায় অতিমাত্রায় দাহ্য পদার্থ রাখা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। ভবন মালিকদের আরও সচেতন হওয়া দরকার। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান, গোডাউন ও কারখানা বন্ধ করে পালিয়ে যান। পরে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে। কেউ কেউ পালিয়ে গিয়ে আলামত সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
ফার্মেসি ও রেস্টুরেন্টকেও জরিমানা : অভিযানে একই এলাকায় রান্না করা বাসি খাবার কাচা মাছ মাংসের সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্য ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে সমতা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দেওয়ানহাট মোড় এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য তাজ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অন্যন্যের মধ্যে অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।










