সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ১:১৩ অপরাহ্ণ

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্র বলছে, গ্রেপ্তার চারজনের মধ্যে শাওন আমরান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়া কোম্পানির ছেলে। হোসাইন আহমদ ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ ও একাধিক সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সপরিবারে হোটেলটিতে অবস্থান করছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাত থেকেই সিলেট যুবদলের নেতাকর্মীরা হোটেলটি ঘিরে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে হোটেল ও আশপাশের এলাকায় নানা আলোচনা তৈরি হয়। পরে বিষয়টি জানতে পেরে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।

বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিনের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হোসাইন আহমদ সাবেক কাউন্সিলর হিসেবেও পরিচিত।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এক কর্মকর্তা জানান, তাঁদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধজীবনে তিনবার শয়তানকে দেখেছেন পোপ ফ্রান্সিস