ফ্যাসিবাদ সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় দলীয় নেতাকর্মীরা জমায়েত হবেন। ওখান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিল সহকারে পটিয়া সরকারি কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হবে। বিজয় মিছিলে নেতাকর্মীরা ঢোল, তবলা ও বাদ্য বাজনা নিয়ে অংশ নিবেন বলে দলীয় সূত্রে জানান। ইতিমধ্যে ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল সাংগঠনিক ওয়ার্ড ও ইউনিট থেকে সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল নিয়ে বিকেল ৩টার মধ্যে ইন্দ্রপুল এলাকায় সমবেত হওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ। মিছিলের নেতৃত্ব দিবেন পটিয়ার এমপি এনামুল হক এনাম।
এ উপলক্ষে গত রোববার বিকাল ৩টায় পটিয়া কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।












