শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদের নেতাদের আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার করা যাবে না। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। গুজব বা উসকানির মাধ্যমে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সে বিষয়েও পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্যও অনুরোধ করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতারা তাদের এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।












