টেকনাফের সাবেক ইউপি সদস্যের ৪ বছর, বাবার৩ বছর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

মাদকের টাকায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল্লাহকে ৪ বছর এবং তার বাবা আবুল বশরকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আব্দুল্লাহকে ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল্লাহকে ৪ বছর কারাদণ্ডের পাশাপাশি ৮৪ লাখ ৪৫ হাজার ৮৫৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আব্দুল্লাহকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনা হয় তার বাবা আবুল বশরের বিরুদ্ধে। ২০১৬ সালের ২ নভেম্বর ২০ লাখ টাকা দিয়ে একটি জমি কেনেন বশর। তিন মাসের মধ্যে, ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি ওই জমি বড় ছেলে আব্দুল্লাহকে হেবা করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ আগস্ট দুদক মামলাটি দায়ের করে। ২০২৬ সালের ৩০ জুন বাবাছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধএনবিআরের কর অঞ্চলে বড় রদবদল, গোয়েন্দা ইউনিটে প্রথম নারী প্রধান
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ আটক ২