চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী এবং কবি নজরুলের চট্টগ্রামে আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার স্কুল অব আর্টস অ্যান্ড কালচার–এর ডিন প্রফেসর ইরশাদ আহমেদ শাহীন। পরবর্তীতে আলোচনা পর্বে অংশ নেন নজরুল গবেষক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন ও চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক হাফিজ রশিদ খান। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তনুশ্রী দাস। প্রেস বিজ্ঞপ্তি।












