ফটিকছড়ি থানার সামনেই জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক নারী। তবে কর্মচারীদের তৎপরতায় তিনি পালাতে পারেননি। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম সালমা (২৮)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, সালমা ক্রেতা সেজে দোকানে ঢুকে কিছুক্ষণ স্বর্ণালঙ্কার দেখার ভান করেন। একপর্যায়ে সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়েন। তবে একজন কর্মচারী তাকে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই নারীকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দোকানে প্রবেশের পর হঠাৎ করেই ওই নারী কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করেন। তবে কর্মচারীদের তৎপরতায় তার ছিনতাইচেষ্টা ব্যর্থ হয়।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্র জানায়, আটক নারী এর আগেও হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় একই কৌশলে ছিনতাইচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।













