যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটেছে। ইরান হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনায়। আর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানে কেশম দ্বীপে। তেহরান বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক রেডার সিস্টেমে হামলার দাবি করার পর যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। খবর বিডিনিউজের।
মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে অবস্থিত ইরানের ইসলামিক রেভল্যুশানির গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান আক্রমণ চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন হামলায় ইরানের কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি বলেন, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতিই হয়নি।
মঙ্গলবার এর আগে আইআরজিসি জানিয়েছিল, তারা বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রেডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটি জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এদিকে ইরান কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে। অবশ্য এক্সে এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ড্রোন হামলা প্রতিহত করেছে। তেলবাহী ট্যাংকারে হামলা বেড়েছে : চলতি মাসে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের ওপর হামলার ঘটনা বেড়েছে। মঙ্গলবার ইরানের নৌবাহিনী ও আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে এলএনজিবাহী একটি জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, ওমানের বন্দরনগরী খাসাবের উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়।










