নিউ ইয়র্ক পুলিশের একটি বিশেষ ইউনিট বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে সমালোচিত হওয়ার পর সেটি বিলুপ্ত করছেন নগরীর মেয়র জোহরান মামদানি। এখন থেকে বড় ধরনের জনবিক্ষোভ সামাল দিতে ওই ইউনিটটির পরিবর্তে বেসামরিক নেতৃত্বাধীন নতুন ব্যবস্থা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। গত বছর নির্বাচনী প্রচারণার সময়ই পুলিশ বিভাগের স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। খবর বিডিনিউজের।
এক দশকের পুরোনো এই সন্ত্রাসবাদবিরোধী ইউনিটটি রাজপথের বিক্ষোভ ঠেকাতে কঠোর কৌশল প্রয়োগের কারণে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ইউনিটটির বিরুদ্ধে দাঙ্গাবিরোধী সরঞ্জামে সজ্জিত সশস্ত্র সদস্যদের মাধ্যমে পেপার স্প্রে ছোড়া এবং গণগ্রেপ্তারের মতো অভিযোগ রয়েছে।
নিউ ইয়র্ক নগরীর পুলিশ কমিশনার জেসিকা টিশকে সঙ্গে নিয়ে দেওয়া এক যৌথ ঘোষণায় মামদানি জানান, তিনি কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি–এস্কেলেশন ডিভিশন নামে বেসামরিক নেতৃত্বাধীন একটি নতুন দল গঠন করছেন। এই দলের সদস্যরা নিরস্ত্র থাকবেন এবং কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে না তাদের। মেয়র জানান, নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বিলুপ্ত হতে যাওয়া এসআরজি ইউনিটের আংশিক স্থলাভিষিক্ত হবে প্যাট্রোল সাপোর্ট ডিভিশন নামের একটি নতুন ইউনিট। এই ইউনিটটি ভিন্নভাবে বিক্ষোভ সামাল দেওয়ার দায়িত্ব পালন করবে।










