চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) ক্যান্সার নির্ণয়ের অত্যাধুনিক পেট–সিটি (পজিট্রন ইমিশন টোমোগ্রাফি) ল্যাবের যাত্রা শুরু হয়েছে। ক্যান্সার শনাক্তে নতুন যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম।
এ ধরনের খবর চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করেছে, আনন্দিত করেছে। সরকারি হাসপাতালের সেবা নিয়ে যাঁরা হতাশ কিংবা যাঁদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, তাঁরা এবার এই খবরে আশাবাদী হবেন।
আজাদীতে ১২ নভেম্বর প্রকাশিত সংবাদে জানা যায়, বুধবার আনুষ্ঠানিকভাবে ছয়জন রোগীর পেট–সিটি পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যদিয়ে নির্ভুল ক্যান্সারের রোগ নির্ণয়ে নতুন যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম। কারণ রোগীর ক্যান্সার আক্রান্ত কোষের উৎপত্তি এবং কোথায় কোথায় এই ক্যান্সার কোষ ছড়িয়েছে, সেটি বিস্তারিত জানার একমাত্র পরীক্ষা পেট–সিটি স্ক্যান। আগে চট্টগ্রামে সরকারি ও বেসরকারি পর্যায়ে এই পরীক্ষাটি না থাকার কারণে রোগীদের ঢাকার বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ছুটতে হতো। এখন চট্টগ্রামে সরকারিভাবে পরীক্ষাটি চালু হওয়ায় রোগীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে পেট–সিটি পরীক্ষা না থাকা ও পরীক্ষাটি বেসরকারি পর্যায়ে ব্যয়বহুল হওয়ার কারণে অনেক সময় ক্যান্সার চিকিৎসকরা কিছুটা ধারণার ভিত্তিতে এবং একাধিক ছোট ছোট পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে রোগীদের রেডিওথেরাপি বা কেমোথেরাপির মতো চিকিৎসা দিতেন। এখন চট্টগ্রামে বসেই রোগীরা অত্যাধুনিক এই পরীক্ষা করাতে পারবেন। ফলে চিকিৎসকরাও সুনির্দিষ্টভাবে ক্যান্সার চিকিৎসা দিতে পারবেন। ঢাকার বেসরকারি হাসপাতালে প্রায় ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হলেও সরকারিভাবে এখন অর্ধেক খরচে পরীক্ষাটি করানো যাবে বলছেন ইনমাস চট্টগ্রাম কর্তৃপক্ষ। এছাড়া ইনমাস চট্টগ্রামে স্থাপিত সাইক্লোট্রন মেশিন থেকে উৎপাদিত রেডিও আইসোটোপ নিয়ে চট্টগ্রামের বেসরকারি খাতের হাসপাতালগুলো চাইলে শুধু পেট সিটি মেশিন কিনে পরীক্ষাটি করতে পারবে। এতে ক্যান্সারের রোগ নির্ণয়ে চট্টগ্রামের বেসরকারি হাসসপাতাল ও ল্যাবগুলোর সক্ষমতা অনেক বেড়ে যাবে।
ইনমাস চট্টগ্রামের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রাম সাইক্লোট্রন সুবিধাসহ পেট–সিটি ল্যাব চালু হয়েছে। এখন থেকে সরকার নির্ধারিত মূল্যে রোগীরা পরীক্ষাটি করাতে পারবেন। চট্টগ্রামে সরকারি–বেসরকারি পর্যায়ে এই পরীক্ষাটি আগে ছিল না। এখন চালু হওয়ার কারণে ক্যান্সার রোগীরা উপকৃত হবেন। চিকিৎসকদের চিকিৎসা দিতেও সুবিধা হবে।
বিশেষজ্ঞরা বলেন, কিছু কিছু চিকিৎসা যা বেসরকারি হাসপাতালে খুবই ব্যয়বহুল, মধ্যবিত্ত, নিম্নবিত্তদের নাগালের বাইরে থাকে, সেসব চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়। অ্যানজিওগ্রাম, সিটি স্ক্যান, ক্যানসার রোগীদের রেডিওথেরাপি, ডায়ালাইসিসসহ অনেক জটিল রোগের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে হচ্ছে। এখন হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) ক্যান্সার নির্ণয়ের যে ল্যাব প্রতিষ্ঠা করেছে, এই খবরটি প্রকাশের পর সবাইকে অনুপ্রেরণা জোগাবে এবং সেবাগ্রহণকারী প্রতিটি মানুষকে আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস। তাঁরা বলেন, পেট–সিটি পরীক্ষা সুবিধা চট্টগ্রামে চালু হওয়া এই অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য খুবই সুখবর। এতে ক্যান্সার রোগীদের আগের মতো ঢাকায় দৌড়ঝাঁপ করতে হবে না। এই পেট–সিটি ল্যাবটি চালুর পেছনে ইনমাস চট্টগ্রামের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক এবং বর্তমান পরিচালকের ভূমিকা অনস্বীকার্য। সর্বোপরি সরকারের কর্তাব্যক্তিদের সদিচ্ছার কারণে এটি আলোর মুখ দেখেছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি বছর হাজার হাজার পরিবার চিকিৎসা ব্যয়ের কারণে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ৪ শতাংশ মানুষ সংখ্যায় ৫০–৬০ লাখ শুধু চিকিৎসা–ব্যয়ের কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। একটি গুরুতর রোগ মানেই সঞ্চয় শেষ, সম্পদ বিক্রি, ঋণের বোঝা। স্বাস্থ্যসেবা এখানে জীবন রক্ষার পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে স্বাস্থ্যবিমা চালু ও সমপ্রসারণ একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। স্বাস্থ্যবিমা চালুর মাধ্যমে আর্থিক ঝুঁকি থেকে রোগীকে সুরক্ষা দেওয়া সম্ভব।
বলতে গেলে বিশ্ব আজ এক অভূতপূর্ব স্বাস্থ্যচ্যালেঞ্জের মুখোমুখি। মহামারি, জলবায়ুু পরিবর্তন, অপুষ্টি, মানসিক স্বাস্থ্য সমস্যা–সবকিছু মিলিয়ে মানবজাতির সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি জটিল দায়িত্বে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার প্রধান অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার মূল লক্ষ্য হলো– ‘সব মানুষের সর্বোচ্চ সম্ভব স্বাস্থ্যমান নিশ্চিত করা।‘ স্বাস্থ্যকে কেবল রোগমুক্ত অবস্থাই নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বিত অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।







