নগরীর কোতোয়ালীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত পেশাদার চোর চক্রের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া প্রাইভেটকারের পাশাপাশি ২টি মাস্টার কী’ও (চাবি) উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার দু’জন হলেন– নোয়াখালীর বেগমগঞ্জের টেকের বাজার এলাকার বাসিন্দা মো. রাসেল ও কক্সাবাজারের চকরিয়ার হারবাং এলাকার বাসিন্দা মো. হোসাইন। পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর রাতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মূল গেটের সামনে থেকে কামরুদ্দিন চৌধুরী নামের একজন ডাক্তারের প্রাইভেটকার চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার ও চুরির প্রাইভেট কার ও ২ টি মাস্টার কী উদ্ধার করতে সক্ষম হয় অভিযান পরিচালনাকারী টিম। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন জানিয়েছেন– তারা পেশাদার গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় গাড়ি চুরির একাধিক মামলা রয়েছে। ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তারা আরো জানায়– ঘটনার দিন তারা গাড়িটি চুরি করে কক্সবাজার জেলার রামু থানাধীন পানিরছড়া এলাকায় রাখেন। সেখান থেকে পরদিন সেটি বিক্রির জন্য কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ রোড এলাকায় নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।












