রাঙ্গুনিয়ায় সড়ক পার হতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রৌঢ়। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইটের সামনে এই ঘটনা ঘটে। তার নাম মন্টু দে (৬৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুলকুরমাই সন্তোষ বাপের বাড়ির নিবারণ দে’র ছেলে।
দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা অবস্থায় আহত মন্টু দে’কে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন লোক। তারা জানায়, চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজি চালিত অটো রিকশাা বৃদ্ধ মন্টুকে ধাক্কা দিয়ে চলে যায়। এই সময় সড়কে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য একটি অটোরিকশা তাঁকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিফাত কারনাইন বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তাঁর শরীরে ও মাথায় গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।













