সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়াছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি যাত্রাপথে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি বা দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ডের জাহাজ ও বোট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে পর্যটক ও যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতেও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন।
সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ সুরক্ষা, নিরাপদ সমুদ্রযাত্রা নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের নিরাপত্তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ছাড়া জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১–এ কল করে সহায়তা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।












