মহেশখালী উপজেলায় ইটবোঝাই ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমান উল্লাহ (৩৮) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হোসেন আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোরকঘাটা–শাপলাপুর পাহাড়ি ঢালু রাস্তায় কালমাদিয়ার ঢালা নামক স্থানে ইটবোঝাই একটি ট্রাক ওপরে ওঠার চেষ্টা করছিল। এ সময় ট্রাকটি ঢালু রাস্তার ওপর থেকে পেছনের দিকে পিছলে যেতে শুরু করে। এ সময় ট্রাকের পেছনে থাকা আমান উল্লাহ চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।










