চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবনের সরকারি বিভিন্ন দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে ৫ তলা বিশিষ্ট ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত সরকারি দপ্তরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোর বিভিন্ন দপ্তরে রক্ষিত ৮টি কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। চুরি হওয়া সরকারি দপ্তরগুলোর মধ্যে ডিজিটাল ল্যাব, সমবায় অফিস, কৃষি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাম পাওয়া গেছে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, উপজেলা পরিষদের নতুন ভবনের সরকারি কয়েকটি দপ্তর থেকে কয়েকটি কম্পিউটার নিয়ে যায়। এরমধ্যে কয়েকটি কম্পিউটারে হার্ডডিস্ক, র্যাম খুলে নিলেও কয়েকটি থেকে নেয়া হয়নি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং সরকারি মালামাল চুরির ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।










