নগরীর সদরঘাট থানাধীন সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযানে পুলিশের তিনটি টিমের সদস্যরা অংশ নেয়। পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সেখানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিকভাবে, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় একই অধ্যাদেশের ১০৩ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান, মো. আজগর আলী, মো. রাজু, মো. জীবন (২৬), মো. আব্দুস শহিদ, রাকিবুল ইসলাম মানিক, মো. সাজ্জাদ হোসেন প্রকাশ রাহি, মো. জীবন (২৮), মো. ইউসুফ, মো. রাকিব, মো. হাসান, মো. রুবেল সাজি, মো. অলি, মো. ফাহিম ইসলাম, মো. শাহজাহান হায়দার, মো. ফাহিম, মো. রাসেল, মো. সাইফুল, মো. মনির ও মো. ইব্রাহিম। এ ঘটনায় সদরঘাট থানায় সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় নন–এফআইআর প্রসিকিউশন নম্বর ৩৪২২/৩২৩/৩২৪ (৬ নভেম্বর ২০২৬) গ্রহণ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










