নগরীর হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জাকির হোসেন প্রকাশ ওরফে বাচা মিয়া (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি–৭)। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল এসআরবি–৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি–৭ জানায়, হালিশহর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাকির হোসেন কবির ম্যানশন আবাসিক এলাকায় অবস্থান করছেন–এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির হোসেন হালিশহরের সুন্দরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে হালিশহর থানায় ৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর সংশোধিত ৯(১) ধারায় মামলা হয়েছে।
এসআরবি–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











